প্রবল বর্ষণ ও ঝড়ো হওয়ার কারণে মহাসড়কে শতবর্ষী একটি গাছ ভেঙে পড়ে দুমড়ে-মুচড়ে গেছে চলন্ত মাইক্রোবাস। আকস্মিক এ দুর্ঘটনায় অলৌকিকভাবে রক্ষা পেয়ে প্রাণে বেঁচে গেছেন চালক। তবে, আহত হয়েছেন দুইজন পথচারী।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকায় কক্সবাজার-টেকনাফ জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এসময় সড়কে সাময়িক প্রতিবন্ধকতা দেখা দেয়, পরে বিজিবি-পুলিশ ও স্থানীয় জনতার সমন্বিত প্রচেষ্টায় গাছটি সরিয়ে যান চলাচলের উপযুক্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হোয়াইক্যং হাইওয়ে থানার ইনচার্জ নুরুল আবছার ঢাকা পোস্টকে জানান, কক্সবাজারমুখী একটি মাইক্রোবাস পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। চালকের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মালিকপক্ষ এলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শাহজালাল জানান, শতবর্ষী গাছটি বেশ বড়। হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারত। গাড়ির ক্ষতি হলেও বড় কিছু হয়নি।
এদিকে গত চারদিন ধরে টানা বৃষ্টিতে দেশের সর্বদক্ষিণের জেলা কক্সবাজারে বৈরী আবহাওয়া বিরাজ করছে। পাহাড়ধসে এখন পর্যন্ত জেলায় ২২ জন প্রাণ হারিয়েছেন।
কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, এই চারদিনে অন্তত ৬শ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং কক্সবাজার সমুদ্র বন্দরে বলবৎ রয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত।
ইফতিয়াজ নুর নিশান/এসএইচএ
