বিজ্ঞাপন

যাত্রী উঠানো নিয়ে দুই চালকের দ্বন্দ্বে প্রাণ গেল পথচারীর

যাত্রী উঠানো নিয়ে দুই চালকের দ্বন্দ্বে প্রাণ গেল পথচারীর

শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল মোড়ে সড়ক দুর্ঘটনায় মো. আব্দুল কাদির (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাদির স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার ছিলেন। তিনি গণপদ্দী ইউনিয়নে উওর গণপদ্দী গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার হলপট্টি মোড়ে যাত্রী উঠানোকে কেন্দ্র করে রোহান লাইন নামে ঢাকাগামী একটি বাসচালক ও কয়েকজন সিএনজিচালকের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় বাসচালক বাস থেকে নেমে গেলে হেলপার স্টিয়ারিং নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন। একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আব্দুল কাদিরকে ধাক্কা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল কাদির একজন রোগীকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন। ফেরার পথে তিনি ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ বাসটি জব্দ করে থানায় নিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হলপট্টি মোড় এলাকায় যাত্রী তোলাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কিছু সিএনজিচালকের মধ্যে প্রভাব বিস্তার ও বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। এ ধরনের অনিয়ম ও সংঘাত বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে নকলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। সিএনজি ও বাসের মধ্যে যাত্রী তোলা নিয়ে ঝামেলার কথা শুনেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য প্রস্তুত করা হচ্ছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, নিহতের স্ত্রী ও মেয়ে চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছেন। তারা ফিরে এলে ময়নাতদন্তের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

নাইমুর রহমান তালুকদার/আরএআর