বিজ্ঞাপন

ফার্মেসি মালিককে হত্যা করে টাকা-সাইকেল ছিনতাই, ৭ জনের যাবজ্জীবন

ফার্মেসি মালিককে হত্যা করে টাকা-সাইকেল ছিনতাই, ৭ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে এক ফার্মেসি মালিককে কুপিয়ে হত্যা ও ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-৩ আদালতের বিচারক নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হামিদুল ইসলাম দুলাল।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনির শাহাদত হোসেন কুটুম, তারা মিয়া, ইমরান, উজ্জল, রিকো, গোলাম এবং টোকাই মনির।

আদালত সূত্রে জানা গেছে, রায় ঘোষণার সময় সাত আসামিই পলাতক ছিলেন। তাদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত সাধন কুমার চক্রবর্তী শহরের বাজার স্টেশন এলাকায় একটি ফার্মেসির মালিক ছিলেন। ২০১০ সালের ১৪ অক্টোবর রাতে দোকান বন্ধ করে সাইকেলে বাড়ি ফেরার পথে পৌর এলাকার মীরপুর বীরালা কুঠি এলাকায় দুর্বৃত্তরা তার পথরোধ করে। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে তার কাছে থাকা টাকা ও সাইকেল ছিনিয়ে নেয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করলে পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এঘটনায় নিহতের চাচাতো ভাই চন্দন কুমার চক্রবর্তী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

দীর্ঘ শুনানি, সাক্ষ্যগ্রহণ ও প্রমাণ পর্যালোচনা শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৭ আসামিকে দোষী সাব্যস্ত করে বিজ্ঞ আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেন।

মো. নাজমুল হাসান/এসএইচএ