জামালপুরে নাশকতার মামলায় জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে জামালপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক তানজিনা আক্তার এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৪ জুলাই শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনিসুজ্জামান গামা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বকশীগঞ্জ থানায় নূর মোহাম্মদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়। পরে চলতি বছরের ২৭ জুন রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
তিনি আরও জানান, কারাগারে থাকা অবস্থায় বকশীগঞ্জ থানায় দায়ের করা মামলায় নূর মোহাম্মদকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করে পুলিশ। পরে বিচারক তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করে শ্যোন অ্যারেস্ট দেখানোর অনুমতি দেন। আজ বিকেলে তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়। আগামী ১৪ জুলাই তার জামিন শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।
বাঁধন হোসেন/আরএআর
