বিজ্ঞাপন

জুলাই শহীদদের কবর জিয়ারত করলেন হাসনাত আবদুল্লাহসহ এনসিপি নেতারা

জুলাই শহীদদের কবর জিয়ারত করলেন হাসনাত আবদুল্লাহসহ এনসিপি নেতারা

ফেনীর সোনাগাজী থেকে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু হচ্ছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে কর্মসূচি শুরুর আগে সোনাগাজী ও ফুলগাজীতে জুলাই শহীদদের কবর জিয়ারত করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা।

বিকেল ৫টার দিকে সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামে যান তারা। সেখানে ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর বাংলা মোটর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আবদুর গণি বোরহানের কবর জিয়ারত করেন এনসিপি নেতারা।
 
এর আগে, ফুলগাজী উপজেলার আনন্দপুর এলাকায় জুলাই অভ্যুত্থানে ফেনীর মহিপালে নিহত ইশতিয়াক আহমেদ শ্রাবণের কবর জিয়ারত করেন তারা। দুপুরে উপজেলার হাসানপুর গ্রামের বাসিন্দা ও এনসিপির কেন্দ্রীয় সদস্য আহমেদ করিম চৌধুরী আমজাদের আমন্ত্রণে তার বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেন তারা। 

এ সময় এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব শেহেরিন ইরা, কেন্দ্রীয় সদস্য দিলারা খানম, ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বকর মজুমদার, যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তারিকুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মহিউদ্দিন রনি, এনসিপি ফেনী জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত, সদস্যসচিব শাহ ওয়ালী উল্লাহ মানিকসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিন বিকেলে সোনাগাজী পৌর চত্বর থেকে এনসিপির দক্ষিণাঞ্চলে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির উদ্বোধন করবেন হাসনাত আবদুল্লাহ।

প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে এনসিপি দেশব্যাপী ৩৬ দিনব্যাপী কর্মসূচি পালন করছে। কর্মসূচির অংশ হিসেবে দলটির কেন্দ্রীয় নেতারা বিভিন্ন জেলায় সফর, জুলাই শহীদদের কবর জিয়ারত, শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

তারেক চৌধুরী/এসএইচএ