নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় ইজিবাইকচালকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে নাটোর-পাবনা মহাসড়কে গড়মাটি গোপালপুর সরকারের ঢালান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গড়মাটি গ্রামের তফেজ উদ্দিন ঝড়ুর ছেলে ও ইজিবাইকচালক রান্টু মিয়া (২৮), পার গোপালপুর গ্রামের মৃত কৃপানাথ বিশ্বাসের ছেলে তৌলক্ষ্য বিশ্বাস (৫৫) এবং গড়মাটি খানপাড়া এলাকার মো. চাঁদ আলী খানের ছেলে শিপন খান (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, বনপাড়া থেকে ঈশ্বরদীগামী একটি মালবোঝাই ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক রান্টু মিয়ার মৃত্যু হয় এবং গুরুতর আহত হন তৌলক্ষ্য বিশ্বাস ও শিপন খান।
খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তৌলক্ষ্য বিশ্বাস মারা যান। পরে উন্নত চিকিৎসার জন্য শিপন খানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। মরদেহগুলো উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ট্রাকটি শনাক্ত এবং চালককে আটকের চেষ্টা চলছে।
আশিকুর রহমান/আরএআর
