বিজ্ঞাপন

জামালপুরে পানি নিষ্কাশনের দাবিতে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

জামালপুরে পানি নিষ্কাশনের দাবিতে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

জামালপুরে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন, স্থায়ী জলবদ্ধতা নিরসন, রাস্তা নির্মাণ ও বিদ্যুৎ লাইন সংস্কারের দাবিতে রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা। এতে বন্ধ হয়ে গেছে জামালপুর-ঢাকা ট্রেন চলাচল।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে পৌর শহরের গেটপার এলাকায় শহরের প্রধান সড়ক অবরোধ করে গেটপার ও ফিসারীপাড়া এলাকার বাসিন্দারা।

এ সময় তারা রাস্তায় অবস্থান নেন। এতে বন্ধ হয়ে যায় দুই পাশের যান চলাচল এবং ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। পরে মাগরিবের নামাজের সময় হওয়ায় রাস্তা ওপরের নামাজ আদায় করে মুসল্লিরা। এরপর সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটের সময় ভুয়াপুর ছেড়ে আসা আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি আটকে দেয় অবরোধকারীরা। এতে জামালপুর-ঢাকার রেল চলাচল বন্ধ হয়ে পড়ে।

অবরোধকারী শামীম মিয়া বলেন, আজ আমরা বাধ্য হয়ে পিঠ দেয়ালে ঠেকে যাওয়ার পর এই রেলপথ অবরোধের মতো কঠোর কর্মসূচি বেছে নিতে বাধ্য হয়েছি। শখ করে কেউ রেললাইনে এসে দাঁড়ায়নি। বছরের পর বছর ধরে আমরা যে চরম দুর্ভোগ পোহাচ্ছি, প্রশাসনকে বারবার জানানোর পরও তার কোনো স্থায়ী সমাধান হয়নি। আজ আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, অবরোধকারীদের সাথে কথা বলে ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য আমরা কাজ করছি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নূর মোহাম্মদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে অবরোধ প্রত্যাহারের চেষ্টা চলছে।

এসএইচএ