জামালপুরে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন, স্থায়ী জলবদ্ধতা নিরসন, রাস্তা নির্মাণ ও বিদ্যুৎ লাইন সংস্কারের দাবিতে রেলপথ অবরোধের প্রায় দেড় ঘণ্টা পর অবরোধ তুলে নিয়েছে বিক্ষোভকারীরা। এতে স্বাভাবিক হয়েছে জামালপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল।
এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৬টার দিকে পৌর শহরের গেটপার এলাকায় শহরের প্রধান সড়ক অবরোধ করে গেটপার ও ফিসারীপাড়া এলাকার বাসিন্দারা।
এ সময় তারা রাস্তায় অবস্থান নেয়। এতে বন্ধ হয়ে যায় দুই পাশের যান চলাচল এবং ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। পরে মাগরিবের নামাজের সময় হওয়ায় রাস্তাতে নামাজ আদায় করে মুসল্লিরা। এরপর সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটের সময় ভুয়াপুর ছেড়ে আসা আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি আটকে দেয় অবরোধকারীরা। এতে জামালপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রাত ৮টা ১৫ মিনিটের দিকে প্রশাসনের আশ্বাসে রেলওয়ে এবং সড়ক থেকে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। এতে স্বাভাবিক হয় ট্রেন এবং যানবাহন চলাচল।
স্থানীয় বাসিন্দা আহসান হাবীব বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসনের কাছে আমাদের মৌলিক সমস্যাগুলোর সমাধানের দাবি জানিয়ে আসছি, কিন্তু আশ্বাস ছাড়া কিছুই পাইনি। আজ বাধ্য হয়ে আমরা আমাদের অধিকার আদায়ের দাবিতে রেলপথে দাঁড়িয়েছিলাম।
যেহেতু রেলওয়ে প্রশাসন সশরীরে এখানে এসে আমাদের দাবিগুলো শুনেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে বৃষ্টির পানি নিষ্কাশন, স্থায়ী জলাবদ্ধতা নিরসন, টেকসই রাস্তা নির্মাণ ও ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন সংস্কারের সুনির্দিষ্ট আশ্বাস দিয়েছেন, তাই আমরা তাদের প্রতি সম্মান জানিয়ে আমাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিলাম।
এবিষয়ে জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, রেললাইন অবরোধকারীদের সঙ্গে কথা বলে তাদের বুঝিয়েছি। তারা অবরোধ তুলে নিয়েছে। এখন ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক।
এসএইচএ
