বিজ্ঞাপন

সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার

সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কামরুজ্জামানকে (৩৮) গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকার চৌরঙ্গী ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া কামরুজ্জামান সোনারগাঁ উপজেলার মুসারচর গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে। তিনি জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, কামরুজ্জামানের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একাধিক মামলা রয়েছে। এসব মামলার একটিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে দীর্ঘদিন ধরে কামরুজ্জামান নিজ এলাকা সোনারগাঁ ছেড়ে রাজধানীর ডেমরার শান্তিরবাগ এলাকার একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, কামরুজ্জামান জামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। আওয়ামী লীগ সরকারের সময় তিনি জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ও জামপুর ৯ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি ছিলেন। তবে, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। পরবর্তীতে জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

মো. মীমরাজ হোসেন/এসএইচএ