বিজ্ঞাপন

যশোরে কোটি টাকার সোনার বারসহ যুবক আটক

যশোরে কোটি টাকার সোনার বারসহ যুবক আটক

যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা এলাকা থেকে এক কোটি নয় লাখ টাকা মূল্যের পাঁচটি সোনার বারসহ এক যুবক আটক হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তৌফিকুর রহমান নামে ওই যুবককে আটক করে।

আটক তৌফিক শার্শা উপজেলার স্বরূপদাহ গ্রামের আব্দুল মজিদের ছেলে। এদিন বিকেলে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, তাদের কাছে গোপন সংবাদ আসে যে, ঢাকা থেকে এক ব্যক্তি সোনার বার নিয়ে বেনাপোল হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে আসছেন। ওই সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টিম দুপুরে দাইতলা এলাকায় অবস্থান নেয়।

এ সময় তৌফিকুর রহমানকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পকেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা চারটি পূর্ণ ও একটি অর্ধেক সোনারবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার মোট ওজন ৫৩৫ গ্রাম। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইলফোন ও নগদ এক হাজার ৩৭০ টাকা জব্দ করা হয়।

এঘটনায় বিকেলে মামলা করে তাকে থানায় পাঠানো হয়।

রেজওয়ান বাপ্পী/এসএইচএ

বিজ্ঞাপন