বিজ্ঞাপন

খুলনা কারাগারের দেওয়াল টপকে পালাল হাজতি

খুলনা কারাগারের দেওয়াল টপকে পালাল হাজতি

খুলনা জেলা কারাগার থেকে  ইমন মাঝি (৩২) নামের চুরি মামলার এক হাজতি পালিয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে পূর্বপাশের দেওয়াল টপকে পা‌লিয়ে যান ইমন। এ ঘটনায় কারাগারের পাগলা ঘণ্টা বাজানো হয়।

পলাতক মো. ইমন মাঝি লবণচরা থানা এলাকার সাচিবুনিয়া বটতলা জিয়ার বাড়ির ভাড়াটিয়া আবদুল মাঝির ছেলে। তিনি ওই কারাগারের মহিলা ওয়ার্ডের পাশে বাথরুমের উপর উঠে দেওয়াল টপকিয়ে পালিয়ে যান।  

কারা কর্তৃপক্ষ সূত্রে আরও জানা যায়, ২০২৫ সালের ১৩ জুন সোনাডাঙ্গা থানার চুরির মামলার আসামি ইমন মাঝি গত ১৩ জুন থেকে খুলনা জেলা কারাগারে বন্দি রয়েছেন। ঘটনার পরপরই কারা কর্তৃপক্ষ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করে। পলাতক বন্দিকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। এ বিষয়ে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

খুলনা জেলা কারাগারের জেল সুপার মো. আবু সায়েম বলেন, বিষয়টি বুঝতে পেরে সাথে সাথেই স্টাফরা ঘণ্টা বাজিয়েছে। চারপাশ দিয়ে আমরা অবস্থান নেই। অনুসন্ধান করি এবং সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। তাকে গ্রেপ্তারে আইননানুযায়ী সকল ব্যবস্থা গ্রহণ করেছি।

তিনি বলেন, গত ১৬ জুন কারাগারে আসে। শিবসা নামে একটি ওয়ার্ডে থাকতো। সিসি ক্যামেরার ফুটেজে আমরা দেখেছি, অন্যান্য বন্দিদের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে সে পূর্বপাশের দেওয়াল টপকে বাহিরে চলে যান। এ ঘটনায় মামলা দায়ের করা হবে। এ ব্যাপারে কেএমপি, জেলা পুলিশ, র‌্যাব ও জেলা ম্যাজিস্ট্রেটও সহযোগিতা করছেন। 

মোহাম্মদ মিলন/এসএইচএ