গাজীপুর সাফারি পার্কে দুই হাতির মারামারিতে আহত ‘রাজা বাহাদুর’ নামে এক হাতির পা ভেঙে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। প্রায় দেড় মাস ধরে চিকিৎসাধীন থাকা হাতিটির অবস্থার উন্নতিতে দেশীয় মেডিকেল বোর্ডের পাশাপাশি থাইল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসক দল কাজ করছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর সাফারি পার্কের বন্যপ্রাণী চিকিৎসক ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকার নাইন।
এর আগে চলতি বছরের ২৪ মে গাজীপুর সাফারি পার্কের হাতিশালায় শেকলে বাঁধা ১০ বছর বয়সী রাজা বাহাদুরের ওপর হামলা করে ৪ বছর বয়সী স্ত্রী হাতি জয়িতা। আক্রমণে রাজা বাহাদুরের একটি পা ভেঙে যায়।
পার্ক কর্তৃপক্ষ জানায়, গত ২৪ মে সাফারি পার্কের হাতিশালায় শেকলে বাঁধা অবস্থায় থাকা প্রায় ১০ বছর বয়সী রাজা বাহাদুরের ওপর হামলা চালায় চার বছর বয়সী স্ত্রী হাতি জয়িতা। এ সময় রাজা বাহাদুরের সামনের দুই পা ছড়িয়ে যায়। এতে একটি পা ভেঙে যায় এবং অপর পায়েও গুরুতর আঘাত লাগে। ঘটনার পর থেকে হাতিটি দাঁড়াতে পারছে না। বর্তমান শারীরিক পরিস্থিতি ভালো নয়। বড় প্রাণী দীর্ঘদিন না দাঁড়াতে পারলে তার লিভারসহ অন্যান্য অর্গান ড্যামেজ হয়। ধীরে ধীরে অসুস্থতা বাড়তে থাকে।
কর্তৃপক্ষ আরও জানায়, জয়িতার জন্ম পার্কেই চার বছর আগে। বয়স কম হওয়ায় তাকে শেকলে বেঁধে রাখা হতো না। তবে ঘটনার দিন সে হঠাৎ রাজা বাহাদুরের ওপর আক্রমণ চালায়। ঘটনার পর হাতিটির চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে থাইল্যান্ড থেকে দুই সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল আনা হয়। বর্তমানে দেশীয় মেডিকেল বোর্ড ও থাই বিশেষজ্ঞদের সমন্বয়ে চিকিৎসা চলছে। পাশাপাশি শ্রীলঙ্কার বন্যপ্রাণী বিশেষজ্ঞদের সঙ্গেও পরামর্শ করা হয়েছে।
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান বলেন, হাতিশালায় এক হাতির সঙ্গে আরেক হাতির মারামারির ঘটনা মাঝেমধ্যে ঘটে। অন্য একটি হাতির ধাক্কায় রাজা বাহাদুর পড়ে গিয়ে পায়ে গুরুতর আঘাত পায়। বর্তমানে সে দাঁড়াতে পারছে না। থাইল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার সার্বক্ষণিক চিকিৎসা চলছে। পার্কে বর্তমানে রাজা বাহাদুরসহ মোট ১০টি হাতি রয়েছে।
প্রসঙ্গত, বিগত ২০২৫ সালের জানুয়ারি মাসে নারায়ণগঞ্জের কাঁচপুরে এক ব্যক্তি হাতিটি দিয়ে বিভিন্ন বাজারে চাঁদাবাজির কাজে ব্যবহার করছিল। সেখান থেকে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ‘রাজা বাহাদুর’ নামের এই হাতিটিকে উদ্ধার করে। পরে হাতিটি উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কের হাতিশালায় আনা হয়। উদ্ধারের সময় রাজু বাহাদুরের বয়স ছিল ৯ বছর। তবে এখন এর বয়স ১০ বছরের বেশি।
আশিকুর রহমান/আরএআর
