বরিশালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়ায় অন্তত ১৫ জন কর্মকর্তা-কর্মচারী কয়েক ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তালা ভেঙে তাদের উদ্ধার করা হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের কার্যক্রম সাময়িকভাবে স্থবির হয়ে পড়ে।
নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এস এম মনিরুজ্জামানের পদায়নকে কেন্দ্র করে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এবং মেডিকেল শিক্ষার্থীদের একাংশের বিক্ষোভের জেরে টানা তৃতীয় দিনের মতো এ ঘটনা ঘটে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান নিজ দপ্তরে এসে প্রায় আধা ঘণ্টা অবস্থান করে চলে যান। পরে তিনি অফিসে এসেছেন, এমন খবর ছড়িয়ে পড়লে ড্যাবের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি ডা. নজরুল ইসলাম সেলিমের নেতৃত্বে কয়েকজন চিকিৎসক ও শিক্ষার্থী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে যান।
বেলা সাড়ে ১২টার দিকে তারা ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে কার্যালয়ের ভেতরে থাকা অন্তত ১৫ জন কর্মকর্তা-কর্মচারী অবরুদ্ধ হয়ে পড়েন এবং দাপ্তরিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে তার উপস্থিতিতে তালা ভেঙে অবরুদ্ধ কর্মকর্তা-কর্মচারীদের বের করে আনা হয়।
এর আগে বুধবারও একই ইস্যুতে বিক্ষোভকারীরা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কক্ষে তালা ঝুলিয়ে দেন এবং ডা. মনিরুজ্জামানকে কক্ষ থেকে বের করে দেন।
ডা. নজরুল ইসলাম সেলিম বলেন, বুধবার আমরা কার্যালয়ে তালা দিয়ে গিয়েছিলাম। বৃহস্পতিবার জানতে পারি, ডা. মনিরুজ্জামান এসে অফিস করেছেন। পরে এসে দেখি, তিনি চলে গেছেন। এরপর শিক্ষার্থীরা কার্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দেয়।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে আমাদের পদোন্নতি নানা কারণে আটকে রাখা হয়েছিল। অথচ ডা. মনিরুজ্জামান সব ধরনের সুযোগ-সুবিধা পেয়েছেন। এখনও তারাই সুবিধাজনক অবস্থানে রয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. লোকমান হাকিম বলেন, গত রোববার ডা. এস এম মনিরুজ্জামানকে বরিশাল বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হিসেবে পদায়ন করা হয়। মঙ্গলবার তিনি যোগদান করেন। এরপর থেকেই একটি পক্ষ তার পদায়নের বিরোধিতা করছে।
জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. মোনায়েম সাদ বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ থাকায় অনেক চিকিৎসক ডা. মনিরুজ্জামানকে বিভাগীয় পরিচালক হিসেবে মেনে নিতে পারছেন না। এ কারণেই তার পদায়নের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে।
অন্যদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান বলেন, ছাত্রজীবনে আমি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ছিলাম এবং বর্তমানে ড্যাবের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। জুলাই আন্দোলনের সময় তৎকালীন পরিচালকের নির্দেশে বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে অংশ নিতে হয়েছিল। এখন আমার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নেবে, সেটিই আমি মেনে নেব।
আরিফ হোসেন/এমএসএ
