বিজ্ঞাপন

বরিশালে হকার পুনর্বাসন কার্যক্রম শুরু

বরিশালে হকার পুনর্বাসন কার্যক্রম শুরু

বরিশাল নগরীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত হকারদের পুনর্বাসন কার্যক্রম শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। দুই দিনে নগরীর দুটি স্থানে মোট ১৪০টি অস্থায়ী দোকানের উদ্বোধনের মাধ্যমে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৪টায় নগরীর কেডিসি সড়ক ও বেলস পার্ক-সংলগ্ন এলাকায় নির্মিত 'কেডিসি ক্ষুদ্র ব্যবসায়ীদের আপন ঠিকানা' মার্কেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

ফিতা কেটে উদ্বোধনের পর তিনি মার্কেটটি পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় তিনি বলেন, এই মার্কেট চালুর ফলে ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনার জন্য একটি সুন্দর, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ পাবেন। এর মাধ্যমে তাদের জীবন-জীবিকার পাশাপাশি নগরীর স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ১০ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাবেক কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

জানা গেছে, কেডিসি মার্কেটে আধুনিক সুযোগ-সুবিধাসহ মোট ৫৬টি দোকান নির্মাণ করা হয়েছে। এই মার্কেট চালুর ফলে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসায়িক জটিলতা কমার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে বুধবার (৮ জুলাই) বিকেল ৫টায় নগর ভবনের পেছনে নির্মিত বিসিসি হকার্স মার্কেট উদ্বোধন করেন বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। ওই মার্কেটে ৮৪টি অস্থায়ী দোকান নির্মাণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক কাউন্সিলর, বিভিন্ন শাখার কর্মকর্তা এবং মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সিটি করপোরেশন সূত্র জানায়, দুই স্থানে মোট ১৪০টি দোকান নির্মাণের মাধ্যমে প্রায় দেড় শতাধিক উচ্ছেদকৃত হকারকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে পরিচালিত উচ্ছেদ অভিযানের পর জীবিকা হারানো হকারদের পুনর্বাসনের যে প্রতিশ্রুতি প্রশাসন দিয়েছিল, এই উদ্যোগ তারই বাস্তবায়নের অংশ।

তবে উদ্বোধনের দিন পর্যন্ত কোনো হকারকে দোকান বরাদ্দ দেওয়া হয়নি। এ বিষয়ে বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে বরাদ্দ কার্যক্রম শুরুর পথ তৈরি করা হয়েছে। এখন হকারদের প্রতিনিধি এবং সিটি করপোরেশনের দায়িত্বশীল কর্মকর্তারা যৌথভাবে দোকানগুলো বণ্টনের কাজ সম্পন্ন করবেন। বরাদ্দে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও তিনি কঠোর সতর্কতা দেন।

তিনি আরও জানান, কেডিসি সড়কের দোকানগুলোর উদ্বোধন সম্পন্ন হওয়ার পর দুই স্থানের দোকান বরাদ্দ কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হবে। এর মাধ্যমে উচ্ছেদকৃত হকাররা নির্ধারিত স্থানে ব্যবসা পরিচালনার সুযোগ পাবেন এবং নগরীর ফুটপাত ও সড়কও দখলমুক্ত রাখা সহজ হবে।

এএমকে