গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে দুই শিশু সন্তানকে কীটনাশক পান করিয়ে হত্যার পর মনি আক্তার (৪০) নামে এক মা আত্মহত্যার চেষ্টা করেছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) রতে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত দুই শিশু আরাফাত (৪) ও মায়শা (২)।
স্থানীয় সূত্রে জানা যায়, মনি আক্তার উপজেলার টেপিরবাড়ী এলাকায় একটি আবাসিক কলোনিতে স্বামী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন। তাদের পরিবারে নানা বিষয়ে কলহ ও অভাব ছিল। বৃহস্পতিবার বিকেলেও মনি আক্তার ও তার স্বামীর মধ্যে কলহ হয়। পরে দুই সন্তানসহ নিজেও কিটনাশক পান করে অস্বাভাবিক আচরণ করতে থাকেন। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে দুই শিশুর অবস্থার অবনতি হলে মা ও দুই শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন এবং মা মনি আক্তারকে ভর্তি করা হয়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বিজন মালাকার বলেন, তিনজনই বিষপানে আক্রান্ত হন। বাচ্চা দুটোকে দ্রুত ময়মনসিংহ পাঠালেও তারা মারা যায় এবং বাচ্চাদের মাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হলেও তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।
আশিকুর রহমান/এএমকে
