বিজ্ঞাপন

পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘তিস্তা মহাপরিকল্পনার ‘ক্রেডিট’ নিতে আন্দোলন করছে জামায়াতসহ ১১ দল’

‘তিস্তা মহাপরিকল্পনার ‘ক্রেডিট’ নিতে আন্দোলন করছে জামায়াতসহ ১১ দল’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন বিএনপি সরকারের নির্বাহী ইশতেহারের অংশ উল্লেখ করে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, এই প্রকল্প বাস্তবায়নে সরকার কাজ শুরু করার পর ‘ক্রেডিট’ নেওয়ার উদ্দেশ্যে জামায়াতসহ ১১ দল আন্দোলনে নেমেছে।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে পঞ্চগড়-নীলফামারী সীমান্তে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় জেলা পরিষদের তত্ত্বাবধানে ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য ‘পঞ্চগড় গেট’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। বিএনপি যখন তিস্তা নিয়ে কাজ শুরু করেছে, তখন তাদের (বিরোধীদের) কোনো অস্তিত্ব ছিল না। তিস্তা নিয়ে তাদের কোনো স্বপ্নও ছিল না, কোনো বক্তব্যও ছিল না। তাই স্ট্যান্টবাজির রাজনীতি বাংলাদেশে আর চলবে না।

ফরহাদ হোসেন আজাদ বলেন, তিস্তা মহাপরিকল্পনার কাজ অচিরেই শুরু হবে এবং তা বাস্তবায়ন করা হবে।

পঞ্চগড় গেট নির্মাণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জেলার ইতিহাস, ঐতিহ্য ও স্বকীয়তাকে তুলে ধরতে এবং স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ গেট নির্মাণ করা হচ্ছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা, পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নুর হাসান/এসএইচএ