যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় আততায়ীর গুলিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাসিন্দা মো. মাহফুজুল হক নিহত হয়েছেন। তিনি খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ডোরড্যাশ-এ কর্মরত ছিলেন। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
স্থানীয় সময় মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ফিলাডেলফিয়ার কিংসেসিং এলাকার সাউথ ইথান স্ট্রিটের ১০০০ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত মাহফুজুল হক গোমস্তাপুর উপজেলার ভেরি বাজার এলাকার মৃত মোজাম্মেল হক বাঘ্যুর ছেলে। তার বাবা গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং মা আনোয়ারা বেগম গোমস্তাপুর আব্দুল হামিদ গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন।
জানা যায়, স্ত্রী-সন্তান নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন মাহফুজুল। গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মাথার পেছনে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। ঘটনাস্থলের পাশে ডোরড্যাশের একটি গাড়িও ছিল। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ডোরড্যাশের কর্মকর্তারা হত্যাকাণ্ডের তদন্তে পুলিশকে সহায়তা দিচ্ছেন বলেও জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাহফুজুলের মরদেহ কানাডায় নেওয়ার প্রস্তুতি চলছে। সেখানে বসবাসরত স্বজনদের উপস্থিতিতে তাকে দাফন করা হবে। তার স্ত্রী বর্তমানে পেনসিলভেনিয়ায় লেখাপড়া করছেন। জীবিকার তাগিদে মাহফুজুল খাবার সরবরাহের কাজ করতেন।
গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হামিদুজ্জামান বলেন, মাহফুজুল হক বিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজেও পড়াশোনা করেছেন। তার এই মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করেছেন।
গোমস্তাপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জামাল উদ্দীন বলেন, দীর্ঘদিন ধরে তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। আততায়ীর গুলিতে তার মৃত্যু অত্যন্ত দুঃখজনক।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. মিজানুর রহমান। এক ফেসবুক পোস্টে তিনি মাহফুজুলকে রেমিট্যান্স যোদ্ধা উল্লেখ করে তার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মো. আশিক আলী/এসএইচএ
