চট্টগ্রামসহ সারা দেশের বন্যাদুর্গতদের সহায়তায় দেশে জরুরি অবস্থা ঘোষণা করে বিশেষ বাহিনী মোতায়েনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেন, আমরা সরকারকে বলতে চাই, জরুরি অবস্থা ঘোষণা করে সরকার থেকে শুরু করে মন্ত্রণালয়ের স্পেশাল ফোর্স দিয়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ান।
শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে নাটোর শহরের মাদরাসা মোড় স্বাধীনতা চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, আমরা একসাথে মিলে যদি আমাদের বন্যাদুর্গত ভাইদের পাশে দাঁড়াতে পারি, তাহলে তারা সাহস পাবে। খুব শিগগিরই তাদের সহায়-সম্বল সবকিছু তৈরি করে অন্তত একটা স্বাভাবিক জীবন শুরু করতে পারবে।
তিনি বলেন, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে আমাদের ভাই-বোনেরা বন্যার পানির মধ্যে বসবাস করছে। ঠিকমতো খাবার পাচ্ছে না। থাকার জায়গা বলতে কিছু নেই। বাড়ি ঘর, গবাদি পশু, সামান্য ব্যবসার অবলম্বন থেকে শুরু করে রাতে ঘুমানোর আশ্রয়স্থল সবকিছু তাদের পানিতে ভেসে যাচ্ছে। মহান সৃষ্টিকর্তার কাছে আমরা দোয়া করি আমাদের এই বাংলাদেশকে মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ যেন সকল ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করেন।
জুলাই অভ্যুত্থান প্রসঙ্গে এই এনসিপি নেতা বলেন, ২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পরে আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম, যেই বাংলাদেশের বিগত দিনের সকল নির্যাতন, অপকর্ম আর মানুষকে সহ্য করতে হবে না। আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে প্রত্যেকটা সরকারি অফিস আদালত মানুষের সেবার একটা আশ্রয়স্থল হয়ে উঠবে।
সারজিস আলম বলেন, জুলাই অভ্যুত্থানের পরে আবারও দেশের মানুষের যে স্বার্থ, সেই স্বার্থের আগে দলীয় স্বার্থ, ব্যক্তিগত-গোষ্ঠীগত, প্রাতিষ্ঠানিক স্বার্থ প্রাধান্য পাওয়া শুরু করল। আমরা দেখলাম, একটা গোষ্ঠী চাঁদাবাজিতে লিপ্ত হলো। কেউ নতুন করে মাদক ব্যবসায়ীদের শেল্টার দেওয়া শুরু করল। কেউ নতুন করে জমি দখল করা শুরু করল। কেউ নতুন করে থানাগুলোতে দাদাগিরি করা শুরু করল। একটার পর একটা পুরনো যে কালচার সেই কালচারগুলো আমাদের মধ্যে আবার ফিরে আসা শুরু করল।
বক্তব্য শেষে সারাদেশের বন্যার্তদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এর আগে নাটোর শহরের উত্তরা সুপার মার্কেটের সামনে থেকে একটি পদযাত্রা শুরু হয়ে শহরের মাদরাসা মোড়ে গিয়ে শেষ।
সমাবেশে আরও বক্তব্য দেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, এনসিপির নাটোর জেলার আহ্বায়ক আব্দুল মান্নাফ প্রমুখ।
আশিকুর রহমান/এসএইচএ
