কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় কাবাডি খেলা নিয়ে বিরোধের জেরে জুয়েল (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বড়চরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল ওই গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছু দিন আগে লক্ষ্মীপুর বুধাইবাড়ি ও বড়চরা গ্রামের কয়েকজন তরুণের মধ্যে কাবাডি খেলা নিয়ে কথা-কাটাকাটি ও ঝগড়ার ঘটনা ঘটে। পরে স্থানীয়দের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হলেও দুই পক্ষের মধ্যে বিরোধের রেশ থেকে যায়। এরই জের ধরে শুক্রবার সন্ধ্যায় জুয়েল একটি ডিম বোঝাই গাড়ি নিয়ে বড়চরা গ্রামের দিক দিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের কয়েকজন তার গতিরোধ করে।
এ সময় তারা তাকে এলোপাতাড়ি মারধর করলে জুয়েল গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাজিতপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়লে দুই গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহতের খালাতো ভাই মোহাম্মদ নয়ন বলেন, কয়েক দিন আগে কাবাডি খেলা নিয়ে দুই গ্রামের ছেলেদের মধ্যে ঝামেলা হয়েছিল। তখন স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসাও হয়েছিল। কিন্তু সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে আমার ভাই জুয়েলের ওপর হামলা করা হয়েছে। সে ডিমবোঝাই গাড়ি নিয়ে যাওয়ার সময় তার পথরোধ করে নির্মমভাবে মারধর করা হয়।
তিনি আরও বলেন, আমরা খবর পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারের এভাবে স্বজন হারাতে না হয়।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সাখাওয়াত হোসেন হৃদয়/এসএএস
