চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন বাজার এলাকা থেকে উদ্ধার হওয়া এক পরিচয়হীন বৃদ্ধার পরিবারের সন্ধান চেয়েছে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে নতুন বাজার এলাকার সোহেলের চায়ের দোকানের সামনে স্থানীয় লোকজন ওই বৃদ্ধাকে অসহায় অবস্থায় দেখতে পান। পরে মানবিক বিবেচনায় তারা বিষয়টি চুয়াডাঙ্গা সদর থানায় জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, বৃদ্ধার নাম খোদেজা খাতুন বলে জানা গেলেও তিনি নিজের ঠিকানা বা পরিবারের সদস্যদের বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারছেন না। তিনি শুধু তার স্বামীর নাম মৃত বিশু বলে উল্লেখ করেছেন। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা সদর থানার হেফাজতে রয়েছেন এবং তার স্বজনদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
চুয়াডাঙ্গা সদর থানা থেকে জানানো হয়েছে, যদি কোনো ব্যক্তি এই বৃদ্ধাকে চিনে থাকেন অথবা তার পরিবার-পরিজনের বিষয়ে কোনো তথ্য জানেন, তাহলে চুয়াডাঙ্গা সদর থানার মোবাইল নম্বর ০১৩২০-১৪৮১৭৪-এ যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
আফজালুল হক/এমএসএ
