কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঘাস কাটতে গিয়ে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ১৩ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো খোঁজ মেলেনি সিরাজ মোড়লের (৪৫)। এতে উৎকণ্ঠায় রয়েছেন তার পরিবার। দিনভর উদ্ধার অভিযানেও তার খোঁজ না পাওয়ায় সন্ধ্যায় উদ্ধার অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ও পুলিশ। শুক্রবার (১০ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল। পরে দিনভর উদ্ধার অভিযানেও নিখোঁজের সন্ধান পাওয়া যায়নি। বৈরী আবহাওয়া ও উদ্ধার অভিযানে নিয়োজিত ডুবুরি দলের কর্মীরা অসুস্থ হয়ে পড়ায় সন্ধ্যায় অভিযান স্থগিত করা হয়।
তবে আশপাশের থানায় নিখোঁজ হওয়ার বিষয়ে বার্তা পাঠানো হয়েছে বলে জানান তিনি। শনিবার সকালে পুনরায় উদ্ধার অভিযান চালানো হবে বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ছোট নৌকা দিয়ে ব্রহ্মপুত্র নদের ওপারে ঘাস কাটতে যান সিরাজ মোড়ল ও তার ছেলে। সেখান থেকে ঘাস কেটে ফেরার পথে আনুমানিক ৮টার দিকে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে নদের পানিতে নৌকাসহ ডুবে যান বাবা-ছেলে। এসময় ছেলে সাঁতরে নদের পাড়ে পৌঁছতে পারলেও নিখোঁজ হন সিরাজ মোড়ল। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান শুরু করে।
সাখাওয়াত হোসেন হৃদয়/আরকে
