বিজ্ঞাপন

ঝালকাঠিতে প্যানেলের প্রথম প্রার্থী বাদ, এমপির সুপারিশে দ্বিতীয়জন সভাপতি

ঝালকাঠিতে প্যানেলের প্রথম প্রার্থী বাদ, এমপির সুপারিশে দ্বিতীয়জন সভাপতি

ঝালকাঠির নলছিটি উপজেলার রায়পুর সৈয়দ আবদুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি নিয়োগে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর সুপারিশে প্যানেলের ২য় অবস্থানে থাকা প্রার্থী মো. হাফিজুর রহমান পারভেজকে নিয়োগ দেওয়া হয়েছে।

এ নিয়োগে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ তুলে শনিবার (১১ জুলাই)  ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন সভাপতি পদে প্যানেলের ১ম অবস্থানে থাকা প্রার্থী মো. অহিদুজ্জামান (ওয়াহিদ)।

লিখিত বক্তব্যে অহিদুজ্জামান বলেন, গত ২১ মে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমানের সভাপতিত্বে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, অভিভাবক, শিক্ষক প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সভাপতি পদের জন্য তিন সদস্যের একটি প্যানেল গঠন করা হয়। এতে তাকে প্রথম, মো. হাফিজুর রহমান পারভেজকে দ্বিতীয় এবং জহিরুল ইসলাম খান বাপ্পিকে তৃতীয় পছন্দ হিসেবে রেজুলেশনে অন্তর্ভুক্ত করা হয়। তাছাড়া আওয়ামী লীগের সাথে তার বেশ সখ্যতা রয়েছে।

অহিদুজ্জামানের দাবি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রশাসকের যাচাই-বাছাই শেষে কোনো পরিবর্তন ছাড়াই তালিকাটি মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাঠানো হয়। কিন্তু বোর্ড থেকে গত ৭ জুলাই দ্বিতীয় পছন্দের প্রার্থী হাফিজুর রহমান পারভেজকে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়। এর পেছনে অনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেন কাজ করেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, বিদ্যালয়ের উন্নয়নে ব্যক্তিগতভাবে খেলার মাঠে বালু ভরাট, শিক্ষার্থীদের ইউনিফর্ম বিতরণ এবং শ্রেণিকক্ষে আলোর ব্যবস্থা করায় স্থানীয় নেতৃবৃন্দ ও উপস্থিত ব্যক্তিরা তাকে প্রথম পছন্দ হিসেবে মনোনীত করেছিলেন। এছাড়া হাফিজুর রহমান পারভেজ অতীতে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বলেন, সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর সুপারিশে মো. হাফিজুর রহমান পারভেজকে সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে মো. হাফিজুর রহমান পারভেজ বলেন, সভাপতি পদের জন্য তিনজনের একটি প্যানেল শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছিল। বোর্ড যাকে যোগ্য মনে করেছে, তাকেই সভাপতি হিসেবে মনোনীত করেছে। তিনি দাবি করেন, তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। বরং অভিযোগকারী মো. অহিদুজ্জামান (ওয়াহিদ) জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা এলেন ভুট্টো বলেন, আমি দুজনের নামই সুপারিশ করেছি। এটি একটি অ্যাডহক কমিটি। নিয়মিত কমিটি গঠনের প্রক্রিয়া চলমান। সেখানে তিনি (অহিদুজ্জামান) থাকবেন। তবে স্থানীয়দের মধ্যে বেশিরভাগই পারভেজ সাহেবের পক্ষে মত দিয়েছেন বলে আমি জানতে পেরেছি। এ বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করার কী আছে?

এসএইচএ