কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সাম্প্রতিক বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রস্তুত করা হচ্ছে। তালিকা প্রণয়নের কাজ শেষ হলে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেবে সরকার।
শনিবার (১১ জুলাই) কুমিল্লা টাউনহল মাঠে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সাম্প্রতিক বন্যায় দেশের বিভিন্ন জেলার কৃষিজমি, ফসল এবং কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র নিরূপণে স্থানীয় প্রশাসনের মাধ্যমে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকা চূড়ান্ত হওয়ার পর ক্ষতির ধরন অনুযায়ী কৃষকদের বীজ, সার, কৃষি উপকরণসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে, যাতে তারা দ্রুত আবার কৃষিকাজে ফিরতে পারেন।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই।
তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ জনগণকে এ কর্মসূচিতে সম্পৃক্ত হতে হবে।
কৃষিমন্ত্রী বলেন, কৃষকের উৎপাদন অব্যাহত রাখা এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব সময় আন্তরিক। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।
এসময় কুমিল্লার জেলা প্রশাসক মিজ রোজী আকতার, সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, পুলিশ সুপার আনিসুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
আরিফ আজগর/এসএইচএ
