বিজ্ঞাপন

‘আ. লীগের ইয়াবা ব্যবসা এখন আমাদের কিছু নেতার কাছে হস্তান্তর হয়েছে’

‘আ. লীগের ইয়াবা ব্যবসা এখন আমাদের কিছু নেতার কাছে হস্তান্তর হয়েছে’

নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, আওয়ামী লীগের ইয়াবা ব্যবসা এখন আমাদের কিছু কিছু নেতার কাছে হস্তান্তর করা হয়েছে। ইয়াবা ব্যবসার এখন নতুন হাত বদল হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় নোয়াখালীর সেনবাগে কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে ডা. মফজলুর রহমান মজুমদার (মকু চেয়ারম্যান) ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা-২০২৬-এর সনদ ও বৃত্তির অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন, 

জয়নুল আবেদীন ফারুক বলেন, নিমতলা থেকে কালিতলা পর্যন্ত সব আমি চিনি। এলাকায় যারা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত, তারা আজ থেকেই সাবধান হয়ে যান। জোহরের নামাজ পড়ে তওবা করুন। যদি আবারও শুনি কেউ ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত, তাহলে ছাড় দেওয়া হবে না। ৮ নম্বর ইউনিয়নের  রকি ও পাইলটের মতো যুবদলের বড় নেতাকেও জেলে পাঠানো হয়েছে। সময় থাকতে তওবা করুন, না হলে জেলে যেতে হবে।

এসময় তিনি দলের নেতাকর্মীদের মাদক, চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান। একই সঙ্গে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দেন।

জয়নুল আবেদীন ফারুক বলেন, গত ১৬ বছর দেশে কোনো গণতন্ত্র ছিল না, ছিল স্বৈরতন্ত্র। বাংলাদেশের সংবিধানকে গলাটিপে হত্যা করেছিল ভারতীয় দাসত্ববাদ ও লুটেরা সরকার। সোয়া যুগ পর দেশে নির্বাচিত সরকার এসেছে। তাই বর্তমান সরকারকে সবাইকে সহযোগিতা করতে হবে। ভুল করলে মানুষের কাছে তা স্বীকার করতে হবে, তাহলে মানুষ ক্ষমা করে দেবে। তিনি সবাইকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, আমরা আওয়ামী লীগের শেখ হাসিনার মতো জোর করে ভোটকেন্দ্র দখল করার দল নই। বিএনপি জনগণের ভোটেই বিশ্বাস করে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে রাজনীতি করার জন্যও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

জার্মানপ্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শওকত আলী মজুমদার জাখিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বাহার, জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হুমু, কেশারপাড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সেলিম চৌধুরী, বিএনপি নেতা আবু ইউসুফ মজুমদার, সানজিদ কামালসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষে বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ১৫০ জন শিক্ষার্থীদের হাতে সনদ ও বৃত্তির অর্থ তুলে দেন অতিথিরা।

এসএইচএ