বিজ্ঞাপন

সীমান্তের শূন্যরেখাতেই আটকে আছেন সেই ৩ জন, মেলেনি সমাধান

সীমান্তের শূন্যরেখাতেই আটকে আছেন সেই ৩ জন, মেলেনি সমাধান

জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তে ভারত থেকে পুশইনের চেষ্টার শিকার তিন ব্যক্তি দিনভর আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে দফায় দফায় যোগাযোগ অব্যাহত থাকলেও এখনো এই জটিলতার কোনো সুরাহা হয়নি। ফলে খোলা আকাশের নিচে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাদের।

এই তিনজন হলেন- হাফিজুর রহমান (৫৬), নাসিমা বেগম (৫৪) এবং শিউলি বেগম (৪০)। তাদের বরাতে স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, কয়েকমাস আগে সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে ওই তিনজন ভারতে প্রবেশ করেন।

সীমান্ত সূত্র ও বিজিবি জানায়, শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে আলো নিভিয়ে পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে পাঁচজনকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে বিজিবিকে জানালে ঘটনাস্থলে পৌঁছে বিজিবি সদস্যরা অনুপ্রবেশে বাধা দেন। এ সময় দুইজন পালিয়ে যান এবং দুই নারী ও এক পুরুষসহ তিনজন আটকা পড়েন।

পরে তাদের শূন্যরেখায় অবস্থান করতে হয়। ঘটনার পর বিষয়টি সমাধানে দুই দেশের বাহিনীর মধ্যে দফায় দফায় যোগাযোগসহ পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এবং ভারতের রায়গঞ্জ ১২৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু ভোর থেকে সারাদিন পেরিয়ে গেলেও এই জটিলতার কোনো সমাধান হয়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সাড়ে ৮টা) তারা শূন্যরেখাতেই আটকে রয়েছেন। এতে দীর্ঘ সময় ধরে শূন্যরেখায় আটকে থাকায় তাদের মানবিক দুর্ভোগ বাড়ছে।

পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন ঢাকা পোস্টকে বলেন, এখনো ওই তিনজন ব্যক্তি সীমান্তের শূন্যরেখাতেই রয়েছেন। আমরা বিষয়টি নিয়ে সমাধানের চেষ্টা করছি। আমরা শক্ত অবস্থান ধরে রাখবো। তাদেরকে কোনোভাবেই দেশের ভেতরে নিতে পারব না।

চম্পক কুমার/এসএইচএ

বিজ্ঞাপন