নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে আত্মসাৎ করা মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। একই সঙ্গে ট্রাকচালক মো. আল আমিন গাজীকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার (১০ জুলাই) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর এবং রাতে ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে চালককে গ্রেপ্তার ও তেল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ৬ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর এলাকায় অবস্থিত মেঘনা গ্রুপের কারখানা থেকে রংপুরের উদ্দেশে সিলেট-ট ১১-০৬৫৮ নম্বরের একটি ট্রাকে ৭৫০ কার্টন ফ্রেশ সয়াবিন তেল পাঠানো হয়। পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ২৫ লাখ টাকা। কিন্তু নির্ধারিত গন্তব্যে পণ্য পৌঁছে না দিয়ে ট্রাকচালক আল আমিন গাজী ট্রাকসহ আত্মগোপনে চলে যান।
এ ঘটনায় ফাহিমা ই-ট্রান্সপোর্টের ব্যবস্থাপক মো. হাছান আলী বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি প্রতারণার মামলা করেন। মামলার পর নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি বিশেষ দল তদন্তে নামে। তদন্তের একপর্যায়ে শুক্রবার বিকেল ৫টা ২০ মিনিটে গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকা থেকে অভিযুক্ত চালক আল আমিন গাজীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাতে ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে আত্মসাৎ হওয়া ৭১৬ কার্টন ফ্রেশ সয়াবিন তেল এবং পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে শনিবার আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর সার্বিক তত্ত্বাবধানে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
মীমরাজ হোসেন/আরএআর
