বিজ্ঞাপন

রান্নার সময় পাহাড়ধস, কক্সবাজারে গৃহবধূর মৃত্যু

রান্নার সময় পাহাড়ধস, কক্সবাজারে গৃহবধূর মৃত্যু

কক্সবাজারে চলমান টানা ভারী বর্ষণের মধ্যে আবারও পাহাড়ধসে প্রাণহানির ঘটনা ঘটেছে। সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে রান্না করার সময় পাহাড়ধসে মাটিচাপা পড়ে প্রাণ হারিয়েছেন রোজিনা আক্তার (৩২) নামে এক গৃহবধূ।

শনিবার (১১ জুলাই) রাত ১১টার দিকে ঝিলংজা ইউনিয়নের পূর্ব কলাতলী ১ নম্বর ওয়ার্ডের ঝিরঝিরিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। রোজিনা আক্তার ওই এলাকার আব্দুল মুজিবের স্ত্রী এবং সুলতান আহমদের মেয়ে।

নিহতের ভাই জানান, রাতে পরিবারের সদস্যদের জন্য খাবার প্রস্তুত করছিলেন রোজিনা। এই সময় হঠাৎ পাশের পাহাড়ের একটি অংশ ধসে রান্নাঘরের ওপর এসে পড়ে। মুহূর্তের মধ্যে মাটি ও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন তিনি। স্বজনদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। 

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় রোজিনাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোরশেদ আলম বলেন, দীর্ঘসময় মাটির নিচে চাপা পড়ে থাকায় তিনি শ্বাস-প্রশ্বাস নিতে পারেননি। তাই তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, টানা বর্ষণের সময় পাহাড় ও পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ঝুঁকি দেখা দিলে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়াই সবচেয়ে নিরাপদ। 

পাহাড়ধসের আশঙ্কা থাকলে কোনোভাবেই ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান করা উচিত নয় বলে উল্লেখ করেন তিনি।

গত ৭ দিনে কক্সবাজার জেলায় পাহাড়ধস ও পানিতে ডুবে এখন পর্যন্ত ২৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন ১৫ জন রোহিঙ্গা।

ইফতিয়াজ নুর নিশান/এমএসএ 

বিজ্ঞাপন