বিজ্ঞাপন

মেয়েকে মাদরাসায় নিতে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল বাবার

মেয়েকে মাদরাসায় নিতে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল বাবার

রংপুরে মেয়েকে মাদরাসায় দিতে যাওয়ার সময় বাসচাপায় আবুল কাশেম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (১২ জুলাই) সকালে নগরীর মডার্ন মোড় তুলা গবেষণা কেন্দ্রের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম স্থানীয় একটি মাদরাসার প্রধান শিক্ষক। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আবুল কাশেম হেঁটে তার ৬ বছর বয়সি মেয়েকে মাদরাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। এসময় ঢাকাগামী একটি বাস লোকাল লেনে ঢুকে পড়ে এবং ইউটার্ন নেওয়ার সময় আবুল কাশেমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে তার কোলে থাকা মেয়ে প্রাণে বেঁচে যায়। 

পরে ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। দুর্ঘটনার পর বাসচালক ও সহকারী পালিয়ে গেছেন।

রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আনোয়ারুল হক বলেন, বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জানতে পারি, সেখানে একটি দুর্ঘটনা ঘটেছে এবং একজন মারা গেছেন। বিক্ষুদ্ধ জনতা বাসটিতে আগুন দিয়েছে।

ফরহাদুজ্জামান ফারুক/আরকে

বিজ্ঞাপন