বিজ্ঞাপন

ঘর থেকে বানের স্রোতে ভেসে যায় শিশু, নিথর দেহ পেলেন চাচা

ঘর থেকে বানের স্রোতে ভেসে যায় শিশু, নিথর দেহ পেলেন চাচা

কক্সবাজারের পেকুয়ায় বানের পানির প্রবল স্রোতে ভেসে গিয়ে ১৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) রাতে উপজেলার সদর ইউনিয়নের বলিরপাড়া এলাকায় এঘটনা ঘটে।

নিহত মুশফিকুর রহিম স্থানীয় বাসিন্দা সৌদি আরব প্রবাসী মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে।

রাতে দোকান থেকে বাড়ি ফেরার সময় চাচা লেদু মিয়া পানিতে ভাসমান অবস্থায় মুশফিকের নিথর দেহ দেখতে পান। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

লেদু মিয়া বলেন, ঘরে এবং উঠানে কোমরসমান পানি জমেছিল। আমার ভাইয়ের বউ ভাতিজাকে ঘরে রেখে বাইরে কাজ করছিল, একসময় মুশফিক পানিতে পড়ে স্রোতের সঙ্গে ভেসে যায়। পরে আমি ঘরে ফেরার সময় তার নিথর দেহ ভাসতে দেখি।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অনেক এলাকায় এখনো পানি আছে। গতরাতে পানিতে ডুবে এক শিশু মারা গেছে, প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে সহায়তা দেওয়া হবে।

একই দিন রাতে পাহাড় ধসে কক্সবাজার শহরে রোজিনা আক্তার নামে এক গৃহবধূ মারা গেছেন। সব মিলিয়ে গত ৭ দিনে কক্সবাজার জেলায় বন্যা-পাহাড় ধসে ১৫ রোহিঙ্গা সহ ২৮ জনের মৃত্যু হয়েছে। 

ইফতিয়াজ নুর নিশান/আরকে

বিজ্ঞাপন