গাজীপুরের কাপাসিয়া বাজারে ভোর রাতে আগুন লেগে ১০টি দোকান পুড়ে ছাই হয়েছে। আগুনের খবর পেয়ে কাপাসিয়া ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে।
রোববার (১২ জুন) ভোর ৪টার দিকে জেলার কাপাসিয়া বাজারে একটি টিনশেড দোকানে আগুনের সূত্রপাত হয়।
কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান ঢাকা পোস্টকে জানান, কাপাসিয়া বাজারের একটি টিনশেড দোকানে আগুন লাগে। তখন বৃষ্টি হচ্ছিল, আগুন দেখে লোকজন ফায়ার সার্ভিসে কল দেয়। খবর পেয়ে কাপাসিয়া ও রাজেন্দ্রপুর থেকে ৪টি ইউনিট ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ততক্ষণে আশপাশের ১০টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। পরে এক ঘণ্টার প্রচেষ্টায় ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, সাধারণ ইলেকট্রনিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাজারের বেশিরভাগ দোকান টিনশেড, দোকানগুলোতে অনেক মালামাল ছিল। সময়মতো আগুন নিয়ন্ত্রণ না করা গেলে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতো। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে আমাদের টিম কাজ করছে।
আশিকুর রহমান/এসএইচএ
