দীর্ঘদিন অবহেলিত রংপুরসহ তিন জেলার সড়ক যোগাযোগের অন্যতম রুট সাতমাথা থেকে জাহাজ কোম্পানি মোড় পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে।
রোববার (১২ জুলাই) দুপুরে নগরীর সাতমাথা মোড়ে ফলক উন্মোচনের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড মাহফুজ-উন-নবী ডন।
এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তাসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, ২০ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে এ সড়কের সংস্কারকাজ শুরু হয়েছে। কার্যক্রমের অংশ হিসেবে কার্পেটিং রোড, আরসিসি রোড, দুই পার্শ্বে ড্রেন, রোড ডিভাইডার, রোড সেপারেটর নির্মাণ, লাইট পোল স্থাপনসহ ২৬০টি স্মার্ট এলইডি স্ট্রিট লাইট স্থাপন করা হবে।
সাতমাথার বাসিন্দা রাজিমুজ্জামান হৃদয় বলেন, বেহাল এই সড়ক নিয়ে জনদুর্ভোগের শেষ নেই। এ কারণে আমরা বারবার সিটি করপোরেশনের কাছে ধরনা দিয়েছি। সিটি করপোরেশনকে মৃত ঘোষণা করে প্রতীকী জানাজা, লাল কার্ড দেখানো, ধানের চারা রোপণসহ বিভিন্ন প্রতীকী কর্মসূচিও পালন করেছি। অবশেষে আজ সড়কটির সংস্কারকাজ শুরু হওয়ায় আমরা আনন্দিত।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক বছর ধরে জাহাজ কোম্পানী মোড় থেকে মাহিগঞ্জ সাতমাথা পর্যন্ত এই সড়কের প্রায় চার কিলোমিটার চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। লালমনিরহাট, কুড়িগ্রাম, পীরগাছা ও কাউনিয়াসহ আশপাশের এলাকার হাজারো মানুষ প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করেন। কিন্তু খানাখন্দে ভরা সড়কটির কারণে তাদের চরম ভোগান্তি পোহাতে হয়।
প্রসঙ্গত, গত বছরের ২০ জুলাই গুরুত্বপূর্ণ এই সড়কটির সংস্কারের দাবি তুলে সাতমাথা রেলগেট এলাকায় প্রতীকী জানাজা কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা। এরপর ২৫ জুলাই ভাঙা সড়কের ওপর ধানের চারা রোপণ ও সিটি করপোরেশনকে ‘লাল কার্ড’ দেখানোর মাধ্যমে আবারও প্রতীকী কর্মসূচি পালন করা হয়। এ ছাড়া বিভিন্ন সময়ে মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা।
ফরহাদুজ্জামান ফারুক/এএমকে
