বিজ্ঞাপন

সাতক্ষীরায় বিদেশফেরত নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় বিদেশফেরত নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরার দেবহাটায় সাহানারা বেগম (৩৮) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) গভীর রাতে উপজেলার সখিপুর ইউনিয়নের চক মোহাম্মাদালীপুর গ্রামে এ ঘটনা ঘটে। রোববার সকালে দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত সাহানারা বেগম ওই গ্রামের মৃত জাহিদ হোসেনের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতের কোনো এক সময় পরিবারের সদস্যরা নিজ বাড়ির একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে সাহানারা বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে রোববার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে সাহানারা বেগমের স্বামী জাহিদ হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। স্বামীর মৃত্যুর পর সংসারের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে তিনি বিদেশে পাড়ি জমান। সম্প্রতি দেশে ফিরে আসেন তিনি। তবে কী কারণে তার এই মর্মান্তিক মৃত্যু হয়েছে, সে বিষয়ে পরিবারের সদস্যরা নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় দেবহাটা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। 

ইব্রাহিম খলিল/এএমকে