কুমিল্লার দেবিদ্বারে ১০ম শ্রেণির এক শিক্ষার্থীকে দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নের অভিযোগে ওই শিক্ষার্থী এবং এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে ওই শিক্ষক ও শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করেন কুমিল্লা শিক্ষাবোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক পাপিয়া আক্তার।
গ্রেপ্তারকৃতরা হলেন, আবদুল্লাহপুর হাজী আমীর উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাচ্চু মিয়া ও ওই বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক শিক্ষার্থী।
রোববার (১২ জুলাই) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২৩ জুন ১০ম শ্রেণির এক শিক্ষার্থী ২০২৬ সালের এসএসসি পরীক্ষার বিজ্ঞান বিষয়ের উত্তরপত্র মূল্যায়ন করছে। এ নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হলে ওই দিনই বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পাবলিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় এমন অনিয়মের বিষয়টি শিক্ষামন্ত্রীর নজরে আসার পর শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর শনিবার কুমিল্লা শিক্ষাবোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক পাপিয়া আক্তার বাদী হয়ে দেবিদ্বার থানায় মামলা করেন।
ওসি মনিরুজ্জামান বলেন, পাবলিক পরীক্ষা আইন (অপরাধ) ১৯৮০-এর ১০, ১২ ও ১৩ ধারায় মামলা দায়ের করার পর অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার বাদী কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) পাপিয়া আক্তার বলেন, ফেসবুকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি ঘটনার সত্যতা পাওয়ায় মামলা দায়ের করা হয়েছে। পাবলিক পরীক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে এমন কাণ্ড গুরুতর অপরাধ।
আরিফ আজগর/এএমকে
