নীলফামারীর ডোমারে ট্রাকের ধাক্কায় মিথিলা ভ্যানের চালকসহ চারজন নিহত হয়েছেন। এরমধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
রোববার (১২ জুলাই) বিকেলে উপজেলার মটকপুর নদীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে
নিহতরা হলেন—ডোমার উপজেলার পাঙ্গামটকপুর ইউনিয়নের নদীয়াপাড়ার ওলি বর্ম্মনের ছেলে মিথিলা ভ্যানচালক পরিমল বর্ম্মন (৪০), নিহত পরিমলের ছোট ভাই প্রদীপ বর্ম্মনের স্ত্রী প্রতিমা বর্ম্মন (৩০), তার দুই সন্তান বিপাশা বর্ম্মন (৮) ও যাদব বর্ম্মন (৪)।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, পরিবারটি ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের মোড়ালের ডাঙ্গা এলাকায় বিয়ের অনুষ্ঠানের দাওয়াতে যাচ্ছিলেন। এ সময় জলঢাকা থেকে ছেড়ে আসা ডোমারগামী একটি ট্রাক দ্রুত গতিতে এসে মটকপুর নদীরপাড় এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী মিথিলাকে পেছন থেকে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি সড়কের ধারে পড়ে যায়। এতে একই পরিবারের তিনজনসহ মিথিলা ভ্যানের চালক নিহত হন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
শাহজাহান ইসলাম লেলিন/এএমকে
