বিজ্ঞাপন

রাঙামাটিতে বন্যা পরিস্থিতির উন্নতি, ফারুয়ার পথে ত্রাণবাহী নৌকা

রাঙামাটিতে বন্যা পরিস্থিতির উন্নতি, ফারুয়ার পথে ত্রাণবাহী নৌকা

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। টানা বর্ষণ কমে আসায় রাইখ্যং নদীর পানি ও স্রোত হ্রাস পেয়েছে, ফলে প্লাবিত এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করেছে। নদীপথে যোগাযোগ স্বাভাবিক হতে থাকায় উপজেলা প্রশাসন রোববার ফারুয়া ইউনিয়নের দুর্গত মানুষের জন্য ত্রাণসামগ্রী পাঠিয়েছে।

‎রোববার (১২ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ফারুয়া ইউনিয়নে ত্রাণ কার্যক্রম শুরু করেছে। 

বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন জানান, স্থানীয় বিএনপির নেতাদের সহযোগিতায় ত্রাণসামগ্রী নিয়ে নৌকা ইতোমধ্যে ফারুয়া ইউনিয়নের উদ্দেশে রওনা হয়েছে। সর্বশেষ সকাল সাড়ে ১১টার দিকে তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তখন তারা ত্রাণ নিয়ে ফারুয়া ইউনিয়নের কাছাকাছি অবস্থান করছিলেন। তবে সেখানে মোবাইল নেটওয়ার্ক না থাকায় এখন তাদের সঙ্গে যোগাযোগে কিছুটা সমস্যা হচ্ছে। আশা করছি, অল্প সময়ের মধ্যেই ত্রাণসামগ্রী দুর্গত মানুষের হাতে পৌঁছে যাবে।

‎এর আগে শনিবার রাইখ্যং নদীর তীব্র স্রোতের কারণে প্রশাসনের পক্ষে ফারুয়া ইউনিয়নে সরাসরি পৌঁছানো সম্ভব হয়নি। এ পরিস্থিতিতে স্থানীয়ভাবে খাদ্যসামগ্রী সংগ্রহ করে ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল, ডাল, ভোজ্যতেল, লবণসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

‎ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা বলেন, শুক্রবার রাতের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ইউনিয়নের প্রায় ২০টি গ্রাম প্লাবিত হয়েছিল। তবে শনিবার রাত থেকে বৃষ্টিপাত কমে যাওয়ায় ফারুয়া বাজারসহ আশপাশের এলাকায় পানি ধীরে ধীরে নেমে যাচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রে থাকা মানুষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

‎তিনি জানান, শনিবার রাত পর্যন্ত ইউনিয়নের একমাত্র আশ্রয়কেন্দ্রে প্রায় ৫০ জন মানুষ আশ্রয় নিয়েছিলেন। উপজেলা প্রশাসন তাদের জন্য রাতের খাবারের ব্যবস্থা করেছে।

‎প্রসঙ্গত, শনিবার পাহাড়ি ঢলে রাইখ্যং নদীর পানি ও স্রোত অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ফারুয়া ইউনিয়নের সঙ্গে নৌযোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া ব্যাহত হয়। তবে বর্তমানে নদীর স্রোত কমে আসায় প্রশাসন আশা করছে বন্যাকবলিত এলাকায় নিয়মিত ত্রাণ ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়া সহজ হবে।

‎মোস্তফা কামাল রাজু/এসএইচএ