একটি সড়ক দুর্ঘটনা মুহূর্তেই বদলে দেয় একটি পরিবারের জীবন। কোথাও পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারানোর শোক, কোথাও দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিনের চিকিৎসা ও অনিশ্চয়তার বোঝা। এমনই বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ফেনীর ২৩টি পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড।
রোববার (১২ জুলাই) দুপুরে নিজ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মনিরা হক সেসব পরিবারের সদস্যদের হাতে মোট ১ কোটি ৯ লাখ টাকার সহায়তার চেক তুলে দেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, জেলায় বিভিন্ন সময়ে সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত ২১ জনের পরিবারের জন্য মোট ১ কোটি ৫ লাখ টাকা এবং আহত দুই ব্যক্তির পরিবারের জন্য ৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সব মিলিয়ে ২৩টি পরিবারের মধ্যে ১ কোটি ৯ লাখ টাকার সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা, বিআরটিএ ফেনী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. আল ফায়সাল এবং ফেনী জেলা সড়ক পরিবহন বাস-মালিক সমিতির সাধারণ সম্পাদক জাফর উদ্দিন উপস্থিত ছিলেন। এ ছাড়া পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং উপকারভোগী পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে পাঠানো আবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয় যাচাই-বাছাই করে দুর্ঘটনার ধরন অনুযায়ী ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা অনুমোদন দেয়। পরে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের অনুমোদিত চেক জেলা প্রশাসনের মাধ্যমে উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে।
তারেক চৌধুরী/এসএইচএ
