বিজ্ঞাপন

রাঙামাটিতে বন্যাদুর্গত মানুষের পাশে বিজিবি, ১৪০ পরিবারে ত্রাণ বিতরণ

রাঙামাটিতে বন্যাদুর্গত মানুষের পাশে বিজিবি, ১৪০ পরিবারে ত্রাণ বিতরণ

টানা বর্ষণ, বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় আশ্রয়কেন্দ্র এবং দুর্গত এলাকায় গিয়ে ১৪০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)।

‎রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় কাপ্তাই কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে আশ্রয়কেন্দ্রে থাকা ১২০টি পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন বিজিবির রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ সিদ্দীক আলম এবং কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী। 

‎ত্রাণ বিতরণ শেষে তারা আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন। এ সময় কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজ উদ্দিনসহ ৪১ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।‎

‎পরে সেক্টর কমান্ডার ও কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক কর্ণফুলী স্টেডিয়াম-সংলগ্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত আরও ২০টি পরিবারের বাড়িতে গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

‎ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ সিদ্দীক আলম বলেন, সাম্প্রতিক টানা বর্ষণে রাঙামাটি জেলায় অনেক পরিবার পানিবন্দি হয়েছে এবং পাহাড়ধসে বহু মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবির মহাপরিচালকের নির্দেশনায় মানবিক দায়িত্বের অংশ হিসেবে দুর্গত মানুষকে উদ্ধার, ত্রাণ বিতরণ এবং চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।‎

‎মোস্তফা কামাল রাজু/এএমকে