বিজ্ঞাপন

কুড়িগ্রামে একসঙ্গে যমজ ৩ বোনের সাফল্য

কুড়িগ্রামে একসঙ্গে যমজ ৩ বোনের সাফল্য

এবারের প্রাথমিক বৃত্তি পরিক্ষায় ৫ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে কুড়িগ্রামের যমজ তিন বোন। তারা হলো—কুড়িগ্রাম জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট তারিকুর রহমান তারিক ও গৃহিনী শাহিনা আকতারের মেয়ে।

এর মধ্যে তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয় এবং তাবিয়া রহমান অর্জুনডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। 

যমজ তিন বোনের বাড়ি কুড়িগ্রাম পৌর শহরের টেক্সটাইল মোড় এলাকায়। বর্তমানে তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ে এবং তাবিয়া রহমান কুড়িগ্রাম বর্ডার গাড স্কুলে ষষ্ঠ শ্রেণিতে অধ্যায়নরত।

শিক্ষার্থী তাহিয়া, তাকিয়া ও তাবিয়া জানায়, তাদের বাবা-মা সব সময় লেখাপড়ার প্রতি বিশেষ নজর রাখতেন এবং নিয়মিত উৎসাহ দেতেন। শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা ও পরিবারের সহযোগিতায় তারা এই সাফল্য অর্জন করতে পেরেছে। ভবিষ্যতেও মনোযোগ দিয়ে পড়াশোনা করে আরও ভালো ফলাফল করার চেষ্টা করবে তারা। এ সময় সবার কাছে দোয়া চান এই তিন বোন।

বাবা অ্যাডভোকেট তারিকুর রহমান তারিক বলেন, আমার তিন কন্যা একইসঙ্গে পঞ্চম শ্রেণির ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করায় আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। একজন বাবা হিসেবে এটি আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তবে এই সাফল্যের সবচেয়ে বড় কৃতিত্ব তাদের মায়ের। তার অক্লান্ত পরিশ্রম, ধৈর্য, ত্যাগ ও স্নেহময় পরিচর্যার ফলেই আজ তারা এই সাফল্য অর্জন করতে পেরেছে। 

তিনি আরও বলেন, আমি তাদের শিক্ষকদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সবার কাছে আমার সন্তানদের জন্য দোয়া চাই, যেন তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করে এবং উত্তম জ্ঞান অর্জন করে সৎ, আদর্শ ও মানবিক মানুষ হিসেবে দেশের সেবা করতে পারে।

কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোছা. গোলেনুর বেগম বলেন, তিন যমজ বোন বৃত্তি অর্জন করেছে। আমাদের স্কুল থেকে দুই বোন বৃত্তি পেয়েছে। এই সাফল্য বিদ্যালয়ের জন্য যেমন গর্বের, তেমনি অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার।

মমিনুল ইসলাম বাবু/এএমকে