বিজ্ঞাপন

টানা বৃষ্টিতে সাতক্ষীরায় ৩৮ প্রাইমারি স্কুলে পাঠদান বন্ধ

টানা বৃষ্টিতে সাতক্ষীরায় ৩৮ প্রাইমারি স্কুলে পাঠদান বন্ধ

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে সাতক্ষীরা জেলার ৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। একই সঙ্গে অতিবর্ষণে জেলার প্রায় ৬ হাজার হেক্টর জমির আউশ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১২৭টি মাছের ঘের ভেসে গিয়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (১২ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এসব তথ্য জানানো হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।

সভায় জানানো হয়, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে জেলার ৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান সাময়িকভাবে বন্ধ রয়েছে। এছাড়া অতিবর্ষণে প্রায় ৬ হাজার হেক্টর জমির আউশ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিতে ভেসে গেছে ১২৭টি মাছের ঘের, যার আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা।

সভায় আরও জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে সাতক্ষীরা জেলায় বন্যার আশঙ্কা নেই। তবে সম্ভাব্য যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

এর আগে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় জলাবদ্ধতা নিরসন, ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কার, অবৈধ ক্লিনিক বন্ধ, বাস টার্মিনাল স্থানান্তর, যানজট নিরসনে নির্ধারিত স্থানে বাস থামানোর ব্যবস্থা এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার বিষয়ে আলোচনা ও একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ইব্রাহিম খলিল/এসএইচএ