বিজ্ঞাপন

তালাবদ্ধ বাসায় পড়ে ছিল পিকআপ চালকের মরদেহ, স্ত্রী পলাতক

তালাবদ্ধ বাসায় পড়ে ছিল পিকআপ চালকের মরদেহ, স্ত্রী পলাতক

কুমিল্লার বুড়িচংয়ে তালাবদ্ধ একটি ভাড়া বাসা থেকে মো. ইব্রাহিম (৩৫) নামে এক পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) বিকেলে উপজেলার নিমসার এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে দুপুরে তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

নিহত ইব্রাহিম ওই এলাকার ফরিদ মিয়ার ছেলে। পেশায় তিনি একজন পিকআপ চালক ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রথম স্ত্রী ও সন্তান থাকা অবস্থায় প্রায় ৬-৭ মাস আগে ইব্রাহিম দ্বিতীয় বিয়ে করেন। পরে তিনি দ্বিতীয় স্ত্রী রেহেনা বেগমকে নিয়ে নিমসারের ওই ভাড়া বাসায় বসবাস শুরু করেন। প্রথম স্ত্রী ও সন্তানের ভরণপোষণ নিয়ে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক বিরোধ হতো। 

রোববার দুপুরে পাশের ঘরের ভাড়াটিয়ারা দুর্গন্ধ পেয়ে বাড়ির মালিককে বিষয়টি জানান। পরে পুলিশকে খবর দিলে, ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ ঘরের ভেতর সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। 

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। ঘটনাস্থলের প্রাথমিক আলামত দেখে এটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের দ্বিতীয় স্ত্রী রেহেনা বেগমের কোনো সন্ধান পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়ার প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরিফ আজগর/এসএইচএ

বিজ্ঞাপন