বিজ্ঞাপন

একটি ঘুড়ি কেড়ে নিলো শৈশবের হাসি

হাসপাতালের বিছানায় ছটফট করছেন আল-আমিন

হাসপাতালের বিছানায় ছটফট করছেন আল-আমিন

যশোরের চৌগাছা উপজেলার আড়াতদাহ গ্রামের সন্তান আল-আমিন (৩৫)। ছোটবেলায় অন্যসব শিশুর মতো তারও ছিল স্বপ্ন, ছিল দুরন্ত কৈশোর। কিন্তু একটি ঘুড়ির পেছনে ছুটতে গিয়ে সেই স্বপ্নের আকাশ মুহূর্তেই অন্ধকার হয়ে যায়।

স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি ভবনের ছাদে উড়তে থাকা কাটা ঘুড়ি ধরতে উঠেছিলেন আল-আমিন। তখন বিদ্যুতের শর্ট সার্কিটে মারাত্মকভাবে দগ্ধ হয় তার একটি পা। দীর্ঘ চিকিৎসার পর প্রাণে বাঁচলেও সেই ক্ষত আর কখনো পুরোপুরি সেরে ওঠেনি।

তবে জীবন থেমে থাকেনি। বড় হয়ে সংসারের হাল ধরেন তিনি। বাবা আব্দুর রাজ্জাক চট্টগ্রাম বন্দরে শ্রমিকের কাজ করতেন। একপর্যায়ে বাবার সঙ্গে রিকশা চালিয়ে কোনোমতে চলছিল সংসার। পরে বিবাহবন্ধনে আবদ্ধ হন। জন্ম নেয় একটি সন্তান। কিন্তু সুখ বেশিদিন স্থায়ী হয়নি। বাবার মৃত্যুতে পুরো পরিবারের দায়িত্ব এসে পড়ে আল-আমিনের কাঁধে।

এরই মধ্যে বহু বছর আগের পোড়া ক্ষতস্থানে আবার সংক্রমণ দেখা দেয়। একে একে শরীরে বাসা বাধে ডায়াবেটিসসহ নানা জটিল রোগ। চিকিৎসার খরচ বহনের সামর্থ্য ছিল না তার। তাই দিন দিন আরও অসুস্থ হয়ে পড়েন। একসময় আয়-রোজগার পুরোপুরি বন্ধ হয়ে যায়।

অভাব-অনটনের সংসারে স্ত্রীও তাকে ছেড়ে চলে যান। বর্তমানে যশোর জনতা হাসপাতালের একটি বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন আল-আমিন। পাশে বসে চোখের জল ফেলছেন তার বৃদ্ধ মা ফাতেমা বেগম। ছেলের চিকিৎসা করাবেন কীভাবে, খাবার জোগাবেন কোথা থেকে এই দুশ্চিন্তায় দিন কাটছে তাদের।

এমন সময় মানবিকতার হাত বাড়িয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বিএম নেওয়াজ শরীফ। ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন মানুষের কাছ থেকে এখন পর্যন্ত ৩৫ হাজার টাকা সংগ্রহ করেছেন তিনি। কিন্তু চিকিৎসা সম্পন্ন করতে আরও প্রয়োজন প্রায় ৬৫ হাজার টাকা।

বর্তমানে আল-আমিন যশোর জনতা হাসপাতালের চিকিৎসক আবু সাইমের তত্ত্বাবধানে রয়েছেন। 

চিকিৎসকদের মতে, দীর্ঘদিন অবহেলিত ক্ষতস্থানে গুরুতর জটিলতা তৈরি হয়েছে। দ্রুত চিকিৎসা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

একটি ঘুড়ি ধরতে গিয়ে শুরু হওয়া দুর্ঘটনা আজ একজন মানুষের পুরো জীবনকে শঙ্কায় ফেলেছে। এখন সমাজের বিত্তবান, দয়ালু ও মানবিক মানুষের সহায়তাই পারে আল-আমিনকে নতুন করে বাঁচার আশা দিতে। সহায়তা বা যোগাযোগ- বিএম নেওয়াজ শরীফ। মোবাইল- ০১৫৩১-৫৪৯৯৯৭৩।

রেজওয়ান বাপ্পী/এএমকে

বিজ্ঞাপন