বিজ্ঞাপন

ফরিদপুরে ডিম কুড়াতে গিয়ে বাসচাপায় দুর্ঘটনা, আরও এক কিশোরের মৃত্যু

ফরিদপুরে ডিম কুড়াতে গিয়ে বাসচাপায় দুর্ঘটনা, আরও এক কিশোরের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গার আলগী ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় উল্টে যাওয়া ডিমভর্তি পিকআপের ডিম কুড়াতে গিয়ে বাসেরচাপায় আহত হওয়া আরও এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ জনে।

রোববার (১২ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্কুলছাত্র নূরনবী শেখ (১২) মারা যায়।

নূরনবী শেখ ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদী গ্রামের বাসিন্দা তুহিন শেখের ছেলে। সে পাশের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কাইচাইল উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলগী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও সোয়াদী গ্রামের বাসিন্দা মো. আল-আমিন বলেন, হাসপাতালে মারা যাওয়া স্কুলছাত্রের মরদেহ তার বাড়িতে আনা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, এ দুর্ঘটনার ঘটনায় ভাঙ্গা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নড়াইল এক্সপ্রেস নামের ওই বাসটি শনাক্ত এবং চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গতকাল শনিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে খুলনাগামী একটি ডিমবোঝাই ট্রাকের চাকা ফেটে সেটি উল্টে যায়। এতে ডিম সড়কের ওপর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ডিম কুড়াতে এগিয়ে আসে। ওই সময় ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেস নামের একটি বাস লোকজনকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে গতকাল শনিবার ঘটনাস্থলে চারজন নিহত হন এবং ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও একজনের মৃত্যু হয়। ফলে মোট পাঁচজন মারা যান। পরে এলাকাবাসী উত্তেজিত হয়ে বিক্ষোভ করেন এবং তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় ওই সড়কে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল।

জহির হোসেন/এসএইচএ