গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচি ও ফ্যামিলি কার্ড বিতরণ শেষে বরিশালের উদ্দেশে রওনা হওয়ার পথে স্কুলশিক্ষার্থীদের আবদারে গাড়িবহর থামিয়ে তাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিক্ষার্থীদের অনুরোধে তিনি নিজেই তাদের সঙ্গে সেলফি তোলেন। পরে তাদের হাতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেন।
সোমবার (১৩ জুলাই) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের সাতমাইল এলাকায় বরিশাল ক্যাডেট কলেজ ক্যাম্পাস-সংলগ্ন শিশুনিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রীকে একনজর দেখতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা সড়কের পাশে অবস্থান নেন। তাদের উপস্থিতি লক্ষ্য করে প্রধানমন্ত্রী গাড়িবহর থামান এবং শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা করতালির মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান এবং স্মরণীয় মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন।
শিশুনিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী আমাদের বিদ্যালয়ের সামনে গাড়িবহর থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়েছেন। তিনি তাদের সঙ্গে সেলফি তুলেছেন এবং ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছেন। এটি আমাদের বিদ্যালয়ের জন্য অত্যন্ত স্মরণীয় একটি মুহূর্ত।
প্রসঙ্গত, রাষ্ট্রক্ষমতা গ্রহণের চার মাস পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আজ সোমবার (১৩ জুলাই) বরিশাল সফর করেন তারেক রহমান। সফরসূচি অনুযায়ী সকালে সড়কপথে বরিশালে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সরিকল-বাটাজোর খালপাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। সেখানে একযোগে প্রায় দুই হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন। একই সঙ্গে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।
এরপর প্রধানমন্ত্রী বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী ত্রিশ গোডাউন এলাকার বধ্যভূমি-সংলগ্ন সাগরদী খালপাড়ে দ্বিতীয় দফায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। সেখানে জিআই স্বীকৃত বরিশালের আমড়া গাছ ও নারিকেল গাছের চারা নিজ হাতে রোপণ করেন।
এসএইচএ
