বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কেসি চালিতাবুনিয়া গ্রামে বুসনা জালে আটকে থাকা অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার কেসি চালিতাবুনিয়া গ্রামের বাসিন্দা মজিবর রহমান হাওলাদার বুছনা তুলতে গিয়ে জালে আটকে থাকা অজগরটি দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাসেল কবিরাজ ঘটনাস্থলে পৌঁছে অজগরটি নিরাপদে উদ্ধার করেন।
রাসেল কবিরাজ জানান, উদ্ধার করা অজগরটির লম্বায় প্রায় ৯ ফুট, ওজন আনুমানিক ২০ কেজি। তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেছি। এটি আমাদের জাতীয় সম্পদ। তাই নিরাপত্তার স্বার্থে সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করব। স্থানীয়দের সচেতনতা ও দ্রুত উদ্যোগের ফলে অজগরটি কোনো ধরনের ক্ষতির শিকার হয়নি।
আজগরটি মোরেলগঞ্জ উপজেলা সদরে নিয়ে আসলে সাপটি দেখার জন্য স্থানীয় উৎসুক জনতা ভিড় জমান। এ সময় রাসেল কবিরাজ তার থলি থেকে সাপটি বের করে স্থানীয়দের দেখার ব্যবস্থা করেন।
এখন পর্যন্ত সাপটি রাসেল কবিরাজের জিম্মায় রয়েছে। বন বিভাগের কর্মকর্তাদের কাছে সাপটি হস্তান্তর করা জন্য রাসেল কবিরাজ মোরেলগঞ্জ মডেল মসজিদের সামনে অপেক্ষায় রয়েছে।
সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের গুলিশা খালি টহল ফাঁড়ির ওসি আব্দুল হাকিম জানান, সংবাদ পেয়ে অজগরটি উদ্ধারের জন্য আমরা ঘটনাস্থলে এসেছি। বিকেলেই অজগরটি সুন্দরবনে অবমুক্ত করা হবে।
শেখ শামীম হাসান/এসএইচএ
