বিজ্ঞাপন

ভৈরবে শতবর্ষী ভবনধস, অল্পের জন্য রক্ষা পেলেন ব্যবসায়ী ও পথচারীরা

ভৈরবে শতবর্ষী ভবনধস, অল্পের জন্য রক্ষা পেলেন ব্যবসায়ী ও পথচারীরা

​কিশোরগঞ্জের ভৈরবে একটি পুরাতন ভবনের বারান্দার একাংশ বিকট শব্দে ধসে পড়েছে। রোববার (১২ জুলাই) রাতে ভৈরব বাজারের দুধপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। তবে, ভাগ্যক্রমে ওই সময় নিচে থাকা ডিম ব্যবসায়ী নূরু মিয়া ও চলাচলকারী পথচারীরা অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, ভবনটি প্রায় শতবর্ষী এবং দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ও জরাজীর্ণ অবস্থায় ছিল। ঘটনার সময় বৃষ্টির কারণে রাস্তায় মানুষের আনাগোনা কিছুটা কম ছিল এবং সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বাজারের ভিড়ও তুলনামূলক কম ছিল। এ কারণেই মূলত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ভৈরব বাজার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এর পরপরই ভৈরব পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে.এম. মামুনুর রশিদ এবং পৌরসভার নির্বাহী প্রকৌশলী আরিফ সরোয়ার বাতেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এলাকাবাসী জানান, ভবনটি অনেক আগেই মেয়াদোত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। ভৈরব পৌরসভা কর্তৃপক্ষ ভবনটি পরিত্যক্ত ঘোষণার জন্য মালিক তারেক আহমেদকে নোটিশ দেয়। কিন্তু মালিকপক্ষ পৌরসভার নির্দেশনার তোয়াক্কা না করে উল্টো ভবনের দোতলায় জাল ব্যবসায়ীদের গোডাউন এবং নিচতলায় ডিম ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। ​জনবহুল এলাকায় এমন একটি ঝুঁকিপূর্ণ ভবন মালিকের উদাসীনতায় ভাড়া দিয়ে রাখায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর দাবি, অভিলম্বে ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে ফেলা হোক, যাতে ভবিষ্যতে আর কোনো দুর্ঘটনার আশঙ্কা না থাকে।

এ ব্যাপারে ভৈরব পৌরসভার প্রশাসক কে.এম. মামুনুর রশিদ বলেন, ভবনটির অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নিরাপত্তার কথা বিবেচনা করে ভবন মালিককে দ্রুততম সময়ের মধ্যে এটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। জননিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না।

সাখাওয়াত হোসেন হৃদয়/এসএইচএ 

বিজ্ঞাপন