বিজ্ঞাপন

সিরাজগঞ্জে হত্যা মামলায় বাবা-মা-মেয়েসহ ৫ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে হত্যা মামলায় বাবা-মা-মেয়েসহ ৫ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় বাবা-মা-মেয়েসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ম আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। আদালতের এপিপি শামচুজ্জোহা শাহানশাহ বিষয়টি নিশ্চিত করেছেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তেবাড়িয়া গ্রামের সুজাত আলী ওরফে টুক্কা, তার স্ত্রী সেলিনা খাতুন, মেয়ে ফাতেমা খাতুন, সলঙ্গা থানার দেওভোগ গ্রামের হায়দার আলী এবং একই গ্রামের হোসনে আরা খাতুন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার ১০ আসামির মধ্যে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। অপর পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ সদর উপজেলার হাসনা গ্রামের জাহাঙ্গীর শেখ পেশায় খেজুরের রস বিক্রেতা ছিলেন। ব্যবসার কাজে রায়গঞ্জে যাতায়াতের একপর্যায়ে সুজাত আলী ওরফে টুক্কার সঙ্গে তার পরিচয় হয়। পরে তিনি টুক্কার বাড়িতে বসবাস শুরু করেন। এ সময় টুক্কার মেয়ে ফাতেমা খাতুনের সঙ্গে জাহাঙ্গীর শেখের সম্পর্ক গড়ে ওঠে।

২০০৭ সালের ৩ এপ্রিল জাহাঙ্গীর শেখকে হত্যা করে তার মরদেহ ফেলে রাখা হয়েছে, এমন খবর পান তার স্ত্রী মায়া খাতুন। পরে তিনি সলঙ্গা থানায় সুজাত আলী ওরফে টুক্কার নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ২০০৮ সালের ৫ মে ১০ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি, সাক্ষ্যগ্রহণ ও প্রমাণ পর্যালোচনা শেষে আদালত পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

মো. নাজমুল হাসান/এসএইচএ