অভিযোগ তদন্ত করতে গিয়ে বাদীর প্রবাসী ছেলের স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে বগুড়ার ধুনট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমানের বিরুদ্ধে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে ধুনট থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
রোববার (১২ জুলাই) বগুড়ার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়।
জানা গেছে, গত ২১ জুন ধুনট উপজেলার জোড়শিমুল গ্রামের এক নারী থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ছেলেকে সৌদি আরবে পাঠানোর পর একই গ্রামের মাহমুদুল সরকার চুক্তি অনুযায়ী কাজের ব্যবস্থা করে দেননি। ওই অভিযোগের তদন্তভার দেওয়া হয় এসআই মোস্তাফিজার রহমানকে। তদন্তের অংশ হিসেবে তিনি একাধিকবার অভিযোগকারীর বাড়িতে যান। এ সময় অভিযোগকারীর প্রবাসী ছেলের স্ত্রীর সঙ্গে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে পুলিশ সুপারের নির্দেশে ধুনট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শুকুর আলী ঘটনাটি তদন্ত করেন।
তদন্তে এসআই মোস্তাফিজার রহমান এবং ওই নারীর মধ্যে মোবাইল ফোনে আপত্তিকর কথোপকথনের একটি অডিও ক্লিপের সত্যতা পাওয়া যায়। তদন্ত শেষে গত শুক্রবার (১০ জুলাই) পুলিশ পরিদর্শক (তদন্ত) শুকুর আলী তদন্ত প্রতিবেদন পুলিশ সুপারের কাছে জমা দেন। ওই প্রতিবেদনের ভিত্তিতে রোববার (১২ জুলাই) এসআই মোস্তাফিজার রহমানকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
ধুনট থানার পুলি পুলিশের পরিদর্শক (তদন্ত) শুকুর আলী বলেন, এসআই মোস্তাফিজার রহমানকে পুলিশ লাইন্সে সংযুক্ত করার আদেশ পাওয়ার পর তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত এসআই মোস্তাফিজার রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
প্রসঙ্গত, এসআই মোস্তাফিজার রহমান এর আগে বগুড়া সদর থানায় কর্মরত ছিলেন। সেখানেও তার বিরুদ্ধে নারী-সংক্রান্ত অভিযোগ উঠেছিল। পরে প্রায় সাত মাস আগে তাকে ধুনট থানায় বদলি করা হয়।
আব্দুল মোমিন/আরএআর
