রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়া দুটি বিশাল আকৃতির কাতল ও একটি বড় পাঙাশ মাছ মোট ১ লাখ ১৫ হাজার ২০ টাকায় বিক্রি হয়েছে। অনলাইনের মাধ্যমে ইরাকপ্রবাসী এক ক্রেতা পরিবারের জন্য মাছ তিনটি কিনেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী।
সোমবার (১৩ জুলাই) সকালে দৌলতদিয়া মাছ বাজারের স্থানীয় ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ মাছগুলো বিক্রি করেন।
সম্রাট শাহজাহান শেখ জানান, ভোরে তিনি দৌলতদিয়া মাছ বাজারের আড়তদার হালিমের কাছ থেকে উন্মুক্ত নিলামে ২২ কেজি ও ১৮ কেজি ২০০ গ্রাম ওজনের দুটি কাতল মাছ প্রতি কেজি ২ হাজার টাকা দরে মোট ৮০ হাজার ৪০০ টাকায় ক্রয় করেন। একই সঙ্গে ১৭ কেজি ওজনের একটি পাঙাশ মাছ প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা দরে ২৮ হাজার ৯০০ টাকায় কেনেন। পরে অনলাইনে যোগাযোগের মাধ্যমে তিনি ৪০ কেজি ২০০ গ্রাম ওজনের দুটি কাতল মাছ প্রতি কেজি ২ হাজার ১০০ টাকা দরে মোট ৮৪ হাজার ৪২০ টাকায় এবং ১৭ কেজির পাঙাশ মাছ প্রতি কেজি ১ হাজার ৮০০ টাকা দরে ৩০ হাজার ৬০০ টাকায় বিক্রি করেন। সব মিলিয়ে মাছ তিনটির বিক্রয়মূল্য দাঁড়ায় ১ লাখ ১৫ হাজার ২০ টাকা।
তিনি আরও জানান, মাছগুলো ইরাকপ্রবাসী ওই ক্রেতার পরিবারের কাছে গাজীপুরে পৌঁছে দেওয়া হয়েছে।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, পদ্মা নদীতে বড় আকারের দেশীয় মাছ ধরা পড়ছে- যা এ অঞ্চলের নদীর জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদের ইতিবাচক দিক তুলে ধরে। জেলেদের বৈধভাবে আহরিত মাছ বাজারজাত হলে তারা ন্যায্যমূল্য পান এবং এতে স্থানীয় অর্থনীতিও সচল থাকে। একই সঙ্গে আমরা জেলেদের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা মেনে মাছ আহরণের আহ্বান জানাই, যাতে পদ্মার মৎস্যসম্পদ দীর্ঘমেয়াদে সংরক্ষিত থাকে।
মীর সামসুজ্জামান সৌরভ/আরএআর
