বিজ্ঞাপন

র‍্যাবের ওপর হামলার ঘটনায় ‘কুখ্যাত শফিক ডাকাত’ গ্রেপ্তার

র‍্যাবের ওপর হামলার ঘটনায় ‘কুখ্যাত শফিক ডাকাত’ গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে মারধরের ঘটনায় কুখ্যাত শফিক ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে র‍্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

এরআগে রোববার (১২ জুলাই) গভীর রাতে ঢাকার কামরাঙ্গীচর এলাকা থেকে তাকে র‍্যাব-৯ ও র‍্যাব-১০ এর যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়।

শফিক ডাকাত উপজেলার খাগাতুয়া গ্রামের শহীদ ব্যাপারীর ছেলে। তার বিরুদ্ধে দুটি হত্যাসহ ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব। 

সংবাদ সম্মেলনে র‍্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুন্নবী জানান, গত ১১ মে র‍্যাবের ব্রাহ্মণবাড়িয়ার ৪ জন গোয়েন্দা সদস্য তথ্য সংগ্রহের উদ্দেশ্যে বাঞ্ছারামপুরে যাওয়ার পথে নবীনগরের খাগাতুয়া গ্রামে কুখ্যাত সন্ত্রাসী শফিক ডাকাত তার বাহিনী নিয়ে অতর্কিতভাবে সশস্ত্র হামলা চালায় এবং তাদেরকে ৩ ঘণ্টা আটক রেখে নির্যাতন চালায়।

পরবর্তীতে অন্যান্য র‍্যাব সদস্য ও গ্রামবাসীর সহায়তায় তাদেরকে উদ্ধার করে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। ৪ জন গোয়েন্দা সদস্যের মধ্যে তিনজন গুরুতর আঘাতপ্রাপ্ত হন। এরমধ্যে কনস্টেবল মালেকের মাথায় আঘাত, হাবিলদার রাশেদ ডান হাত ভাঙা, কনস্টেবল কাজলের বাম হাত ভেঙে ফেলা হয়। পরবর্তী উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এরপর থেকে দীর্ঘ সময় পলাতক ছিলেন মূলহোতা শফিক ডাকাত।

পরে রোববার গভীর রাতে একটি বিকাশ নম্বরের সূত্র ধরে কামরাঙ্গীচর এলাকা থেকে র‍্যাব-১০ এর সহায়তায় র‍্যাব-৯ এর সদস্যরা শফিক ডাকাতকে গ্রেপ্তার করে। সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় তাকে নিয়ে আসা হয়।

মো. জুয়েল রহমান/এসএইচএ