কিশোরগঞ্জের ভৈরবে ব্যাটারিচালিত অটোরিকশার একটি গ্যারেজে লাগা আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১২ জুলাই) দিবাগত রাতে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যচর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ইমন মিয়া মধ্যচর গ্রামের ব্যাপারী বাড়ির মেরাজ মিয়ার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জাহিদ মিয়ার মালিকানাধীন অটোরিকশার গ্যারেজ থেকে ধোঁয়া বের হতে দেখেন ইমন মিয়া। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি গ্যারেজ মালিককে জানান। পরে গ্যারেজের দরজা খুলে ভেতরে প্রবেশ করলে ইমন মিয়াও আগুন নেভানোর কাজে সহায়তা করতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের চলমান রয়েছে।
সাখাওয়াত হোসেন হৃদয়/আরএআর
